সালমানই থাকছেন ‘তেরে নাম’ সিক্যুয়েলে!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৫:০২ পিএম

সালমান খানের জনপ্রিয় সিনেমাগুলোর অন্যতম ‘তেরে নাম’। ২০০৩ সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিক পরিচালিত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। করুণ কাহিনি কাঁদিয়েছে অজস্র দর্শককে। ওই ছবির রাঁধে-র চরিত্রে সালমানের লুক ছিল তরুণদের কাছে হটকেক।

‘তেরে নাম’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন দক্ষিণ ভারতীয় নায়িকা ভূমিকা চাওলা। এরপর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি।

সিনেমাটির ১৬ বছর পর সিক্যুয়েল তৈরি করার কথা ভাবছেন সতীশ। সম্প্রতি এ বিষয়ে নিজের মতামতও জানালেন। 

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “হ্যাঁ, এটা সত্যি আমি ‘তেরে নাম টু’ বানাতে চলেছি। এখন শুধু এটাই বলতে পারি আগেরবারের মতো এবারও ছবির প্রেক্ষাপট প্রেম কাহিনি।”

উত্তর ভারতের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘তেরে নাম টু’। এর কাহিনির বড় অংশ জুড়ে থাকবে গ্যাংস্টার লড়াই।

আরও জানান, চলতি বছরের শেষ দিকেই শুরু হতে পারে সিনেমাটির দৃশ্যায়ন।

শোনা যাচ্ছে, প্রথম কিস্তির মতো এই ছবিতেও প্রধান চরিত্রে থাকবেন সালমান। তার বিপরীতে কোন অভিনেত্রীকে নেওয়া হবে- তা এখনো ঠিক হয়নি।

কিন্তু পরিচালক বললেন, চিত্রনাট্য চূড়ান্ত হলেও এখনো সিনেমাটি নিয়ে কোনো অভিনেতার সঙ্গে কথা হয়নি। তাই সালমানের যুক্ত হওয়ার খবরটি পুরোপুরি গুজব। এর কোনো সত্যতা নেই।

বর্তমানে ‘দাবাং থ্রি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান। বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা। এর পরপরই আলিয়া ভাটের বিপরীতে সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ টিমে যোগ দেবেন। আর ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘ভারত’। এ সিনেমায় তার নায়িকা ক্যাটরিনা কাইফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত