ভারতের সাধারণা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ায় তৃণমূল সমর্থক স্বামী ও পরিবারের অন্যরা বেধড়ক পিটিয়ে মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে এক গৃহবধূর মুখে। পুলিশের কাছে লিখিত অভিযোগে এমনই জানিয়েছে আনসুরা বিবি নামের ওই নারীর ছেলে রুপসান শেখ।
আনন্দবাজার পত্রিকা জানায়, ভোট দিয়ে বাড়ি ফিরতেই স্বামী তাহাসেন শেখ জিজ্ঞাসা করেন, “ভোটটা দিলে কাকে শুনি?” খোলা মনেই আনসুরা জবাব দেন, ‘‘কেন গো, ভাইয়ের দল কংগ্রেসকেই দিলাম এবার।’’ এরপর ঘটে অঘটন।
মঙ্গলবার দুপুরের ওই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আনসুরাকে ভর্তি করা স্থানীয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানান, আনসুরার শ্বাসনালি ক্ষতবিক্ষত হয়ে গেছে।
ভালোবেসেই বিয়ে করেছিলেন আনসুরা ও তাহাসেন। কংগ্রেসের সমর্থক দু’বাড়ির সখ্য আচমকাই ধাক্কা খায় বছর দেড়েক আগে। রাজনীতি বিশ্বাস ভাগাভাগি হয়ে যাওয়ায় তাহাসেন শ্বশুরবাড়িতে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। কারণ, আনসুরার পরিবার পুরোনো দলের প্রতি আনুগত্য হারায়নি। তার ভাই মইনুদ্দিন শেখ এখন গ্রামের পরিচিত কংগ্রেস নেতা।
ভোটের আবহে দু’বাড়ির বৈষম্য যেন আরও প্রকট হয়ে উঠেছিল। কংগ্রেস-তৃণমূলে ভাগাভাগি হয়ে যাওয়া দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তারই সূত্র ধরে মঙ্গলবার সকাল থেকে দুই পরিবারে কথা-কাটাকাটি শুরু হয়। যা গড়ায় হাতাহাতিতে। পরে ভোট দিয়ে এসে অ্যাসিড সন্ত্রাসের শিকার হন আনসুরা। তবে রানিনগর ব্লক তৃণমূল সভাপতি আমিনুল হাসান বাপি বলেন, ‘‘নিতান্তই পারিবারিক ঘটনা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় বাথরুমে গিয়ে ওই মহিলা অ্যাসিড খেয়ে নেন। তাকে এখন রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।’’
