পাবনার সুজানগরের আমিনপুরে আবারও দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় বুধবার রাতে অনিক হাসান (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনিক উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কলেজছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন। মঙ্গলবার ঐ ছাত্রীকে মোবাইল ফোনে গান তোলার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বুধবার দুপুরে ঐ ছাত্রী তার মায়ের সাথে থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অনিককে রাতে আটক করে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার অভিযুক্ত অনিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৪ এপ্রিল নববর্ষের দিন আমিনপুর থানার দিঘলকান্দির বোনের বাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে অটো চালক জহুরুল ও তার বন্ধু আল আমিন। ওই ঘটনার প্রধান আসামি জহুরুলকে গত ১৬ এপ্রিল ঢাকার শান্তিবাগ থেকে গ্রেপ্তার করে র্যাব।
