আগুনে আত্মাহুতি রানা প্লাজা ট্র্যাজেডির হিরো হিমালয় হিমুর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৪:২১ পিএম

সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসের ছয় বছর পূর্তির দিনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন উদ্ধারকর্মী হিসেবে ‘হিরো’ পরিচয় পাওয়া নওশাদ হাসান হিমু (২৭)।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিমু বরিশাল জেলার উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। তিনি বিরুলিয়ায় এলাকার আব্দুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

হিমু রানা প্লাজা ধসের সময় উদ্ধারকর্মী হিসেবে কাজ করে ‘হিরো’ বলে পরিচিতি পান।  এ ছাড়া বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত ছিলেন ‘হিমালয় হিমু’ নামে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ থেকে যতটুকু জেনেছি হিমু কারো সঙ্গে তেমন মিশত না। এ ছাড়া তিনি তার বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না। তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হিমু তিন বছর ধরে এই এলাকায় থাকে। বুধবার রাতে নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তবে কীভাবে তার মৃত্যু হলো ময়নাতদন্তের পরই তার সঠিক কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত