শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই আসামি রানাকে গ্রেপ্তার করে।
অভিযোগে জানা যায়, বালিয়াদী এলাকার চাঁন মিয়ার ছেলে আতিকুর রহমান রানা একই এলাকার ওই ছাত্রীকে লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রীর দাদা মোক্তার হোসেন গতকাল সন্ধ্যায় বাদী হয়ে নকলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আতিকুর রহমান রানাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে। এদিকে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রানাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এর ধারায় মামলা নিয়েছি।
