প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:১৫ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সামিরা আক্তার নামে ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে এক বখাটে যুবক।

এ সময় বখাটে জুয়েল আহমদকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত ছাত্রী সামিরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে জেলার কুলাউড়া-ঘাটের বাজার সড়কের মীর শংকর এলাকায় এ ঘটনাটি ঘটে। সামীরা আক্তার কুলাউড়া পৌর শহরের সাদিকপুর আল হেরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। সে আরব আমিরাত প্রবাসী সরফ উদ্দিনের মেয়ে।

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, বখাটে জুয়েলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় লোকজন ও ছাত্রীর মা সাহারা বেগম এবং স্বজনদের সূত্রে জানা যায়, সামিরা ৬ষ্ঠ শ্রেণিতে উপজেলার ভূকশীমইল ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে থাকাবস্থায় সাদিপুর গ্রামের মৎস্যজীবী বকুল মিয়ার পুত্র জুয়েল আহমদ প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। বিষয়টি ছাত্রীর অভিভাবকেরা স্থানীয় মেম্বার ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জুয়েলের পিতা ও ভাইদের ডেকে নিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবে না ওই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ ঘটনার পর ভয়ে ওই ছাত্রীর অভিভাবক সামিরাকে কুলাউড়া পৌর শহরের আলহেরা ক্যাডেট স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি করেন। এরপরও ওই যুবক সামিরাকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ির ফেরার পথে সিএনজি অটোরিক্সা যোগে মীর শংকর বাজারে গিয়ে নামে সামিরা। সেখান থেকে পায়ে হেঁটে বাড়িতে প্রবেশের সময় রাস্তায় একা পেয়ে জুয়েল প্রকাশ্যে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ী কোপাতে থাকে।

স্থানীয়রা সামিরার চিৎকারে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথায় ও কানে দায়ের কোপ রয়েছে। প্রচুর রক্তক্ষরণে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত