এ বছর হচ্ছে না বরুণ-নাতাশার সাত পাকে বাঁধা!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ পিএম

বলিউডে বিয়ের ট্রেন্ডে যুক্ত হতে যাচ্ছেন বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, এ খবর পুরোনো হয়ে গেছে। দীর্ঘ বছর ধরে প্রেম চালিয়ে এ জুটি বিয়ে করতে যাচ্ছেন এ বছরের শেষে, এমন খবরও চাউর হয়। তবে বরুণের বাবা ডেভিড ধাওয়ান বললেন অন্যকথা। বিয়ের জন্য আরও সময় নিচ্ছেন এ জুটি।

বলিউড হাঙ্গামা জানায়, আলিয়া ভাটের সঙ্গে বরুণের প্রেমের গুঞ্জন উঠলেও আদতে দেখা যায় নাতাশার সঙ্গেই তার সম্পর্ক। ফ্যাশন ডিজাইনার এ তরুণীর সঙ্গে স্কুলজীবন থেকেই বন্ধুত্ব এ বলিউড তারকার। প্রকাশ্যেই দুজনকে দেখা যায় সর্বত্র। থাকছেন একসঙ্গেও।

চলতি বছরের শেষে দুজনের বিয়ের কথা উঠলেও বরুণের বাবা জানালেন, আগামী বছরে হচ্ছে এ বিয়ে। তবে তিনি মাস বা দিনক্ষণের কথা কিছুই স্পষ্ট করেননি।

ধারণা করা হচ্ছিল, ২৪ এপ্রিল নাতাশার জন্মদিনেই বরুণ-নাতাশার বাগদানের ঘোষণা আসবে। কিন্তু এমনটা কিছুই ঘটেনি। ব্যস্ততার কারণে সে প্রস্তুতি নিতে পারেননি বরুণ, এমনটাই শোনা যাচ্ছে।

সম্প্রতি নিজের হিট সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকের মূল ভূমিকায় ছেলে বরুণ ধাওয়ানকে বেছে নিয়েছেন ডেভিড। সঙ্গে থাকছেন হালের ক্রেজ সারা আলী খান। এর আগে ডেভিডের ‘জড়ুয়া’র রিমেক ‘জড়ুয়া টু’তে অভিনয় করেন বরুণ।

এদিকে ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে বরুণ অভিনীত ‘কলঙ্ক’। শুরু থেকেই বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। ১৯৪০ এর দশকের আবহে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। প্রযোজনা করেছেন করণ জোহর। এতে আরও অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাটসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত