প্রতিটি গুমের বিচার এদেশেই হবে: শাহদীন মালিক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:১৩ পিএম

বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিকরা গুম হবেন এটা মেনে নেয়া যায় না। প্রতিটি গুমের বিচার এদেশেই হবে। তবে দিনক্ষণ বলতে পারছি না, শুধু সময়ের অপেক্ষামাত্র।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘গুম ও গণতন্ত্রের অব্যাহত সংকট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

শাহদীন মালিক বলেন, ‘গুম-খুনের সঙ্গে প্রশাসনের কেউ কেউ জড়িত থাকলেও সবাই জড়িত না। অনেক ভালো কর্মকর্তারা এখন ওএসডিতে আছেন। এক সময়ে আসবে যখন তারাই সঠিক ভূমিকা নেবেন। অন্যায়ের সঙ্গে বা গুম-খুনের সঙ্গে জড়িতদের তারাই খুঁজে বের করে এর বিচার করবেন। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব’।

তিনি আরো বলেন, ‘কেউ আজীবন ক্ষমতায় থাকে না। ১৫ আগস্ট, জেল হত্যা আর মানবতাবিরোধী অপরাধের বিচার যদি ৪৫/৫০ বছর পরে হতে পারে, তাহলে গত কয়েক বছরে যেভাবে গুম আর বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে তার বিচারও একদিন অবশ্যই হবে’।

গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা অভিযোগ করে আলোচনা সভায় বলেন, ‘আমার স্বামীকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে নাটক করা হয়েছে’।

তিনি বলেন, ‘আমি অনেকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে গিয়ে আমার স্বামীর সন্ধান চেয়েছি। আশা করেছিলাম প্রধানমন্ত্রী যেহেতু আমাকে কথা দিয়েছেন হয়ত আমার স্বামীকে আমি ফেরত পাব। কিন্তু পরে মনে হয়েছে স্রেফ একটি নাটক করেছেন’।

গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরাসহ আলোচনাসভায় আরও অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন, অধ্যাপক রেহনুমা আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত