ঘূর্ণিঝড় কেনেথের কারণে মোজাম্বিকের প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক বাসিন্দা আটকে পড়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির উদ্ধারকর্মীরা ভারী বর্ষণ ও বাতাসের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। তবে ভূমিধস ও বন্যার কারণে উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না।
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় কেনেথ ২২০ কিলোমিটার বেগে মোজাম্বিকে আঘাত হানে। সম্প্রতি দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইদাইয়ের কারণে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়। কেনেথের কারণে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
উপদ্রুত অঞ্চল থেকে ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় স্কুল, গির্জা ও সরকারি দপ্তরগুলোতে তাদের আশ্রয় দেওয়া হয়।
মোজাম্বিকের পার্শ্ববর্তী দেশ কমোরসে ইতোমধ্যে কেনেথে তিনজন মারা গেছে। আর মোজাম্বিকে সর্বশেষ খবর অনুসারে, ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের আবহাওয়াবিষয়ক গবেষকরা বলছেন, একই মৌসুমে দুটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কোনো স্বাভাবিক ঘটনা না। কেনেথের মতো ঘূর্ণিঝড়ের আগাম কোনো সতর্কবার্তা ছিল না। পরিবর্তিত জলবায়ুর কারণে হঠাৎ করেই এমন ঝড়ো বাতাস, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে।
