হাইমচরে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, শুক্রবার রাত ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ট্রলার থেকে পড়ে এক পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ হন।
ওসি আরও জানান, চরকোড়ালিয়ায় রাতে ট্রলারযোগে পরোয়ানাভুক্ত আসামি ধরতে যাওয়ার পথে হাইমচর কলেজঘাট এলাকায় জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা লগি-বৈঠা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় ট্রলার থেকে মোশারফ পড়ে যান।
সকাল থেকে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
