প্রধানমন্ত্রীর নির্দেশে সুবীর নন্দিনীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ পিএম

কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার (২৯ এপ্রিল) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে।

আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়, সব ঠিক থাকলে সোমবার সন্ধ্যায় সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর।

এর আগে গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হলে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে পুনরায় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদ্‌যন্ত্র সচল হলে নন্দিত এই সংগীতশিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকে সুবীর নন্দী সেখানেই চিকিৎসাধীন আছেন।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম ১৯৫৩ সালের ১৯ নভেম্বর। বাবা চাকরি করতেন চা বাগানে। ছোটবেলা কেটেছে সেখানেই। ছোটবেলাতেই মা পুতুল রানীর কাছে গানে হাতেখড়ি। পরে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ বাবর আলী খানের কাছে।

অসংখ্য জননন্দিত গানের শিল্পী সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চার বার। বাচসাস পুরস্কারও পেয়েছেন চার বার। গানে অবদান রাখায় এ বছর তাকে ভূষিত করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত