কলেজ ছাত্রীকে যৌন হয়রানি, দুলাভাইকে ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৭:৩৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় রোববার সকালে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভুক্তভোগীর দুলাভাই সিরাজুল ইসলাম (২৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত সিরাজুল উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের আসমত আলীর ছেলে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার এসআই মোশারফ হোসেন বলেন, বখাটে সিরাজুল ওই কলেজ ছাত্রীর বড় বোনকে বিয়ের কিছুদিন পর মেজো বোনকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে। সম্প্রতি কিছুদিন হল তাকেও বিয়ের প্রলোভনে নানা রকম কুপ্রস্তাব দিয়ে আসছে। এ দিন মেয়েটি তার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় গেলে ওই বখাটে তার পিছু নেয়। মেয়েটি নিজেকে রক্ষার্থে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ দিনই তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত