ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, অচেতন উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে দুবৃর্ত্তরা। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার সকালে বাড়ি থেকে স্কুলের যাওয়ার জন্য বের হয় ওই ছাত্রী। পথে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে গেলে ধর্ষকরা তাকে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রীর মা বলেন, স্থানীয়দের সহায়তায় তালতলা ইক্ষুকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞান অবস্থায় একটি মেয়ে উদ্ধারের খবর পান। সেখানে গিয়ে দেখি মেয়েটি আমার। পরে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নেওয়া হয়। জ্ঞান ফিরলে সে জানায়, দুজন যুবক তাকে জোরপূর্বক তুলে গাইবান্ধা মোড়ের দিকে নিয়ে যায়। সেখানে একটি ভবনে কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।

এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত