গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। গত শনিবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরাগাঁও খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার সাগর একই গ্রামের আলমগীর বেপারীর ছেলে।
ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিবেশীরা তরগাঁও খেয়াঘাটে পথরোধ করে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাপাসিয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা ফেরদৌসী বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে এজাহার দিয়েছেন। একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
