দলের সিদ্ধান্ত অমান্য করার শপথ নেওয়ায় জাতীয় ঐক্য ফ্রন্ট ও গণফোরাম থেকে বহিষ্কৃত সুলতান মোহাম্মাদ মনসুর ও এম মোকাব্বির খানের বহিষ্কারাদেশ ও শোকজ চিঠি শিগগিরই প্রত্যাহার করা হবে।
সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে শপথ নিক। তিনি শপথ নেওয়ার পর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক ডেকে বহিষ্কার ও শোকজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য অপেক্ষা করতে হবে।
গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সুলতান মোহাম্মাদ মনসুরকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়। পরে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এম মোকাব্বির খান শপথ নেওয়া পর তাকে শোকজ করা হয়।
