বাংলাদেশ সফরের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছে সৌদি বর্ডার গার্ডের একটি প্রতিনিধিদল। বাহিনীটির মহাপরিচালক ভাইস অ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ির নেতৃত্বে ১৩ সদস্যের দলটি গতকাল সোমবার সকালে রাজধানীর পিলখানায় পৌঁছায়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মুহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক পিলখানাস্থ স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিজিবির একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর তিনি বিজিবি মহাপরিচালকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলটি গত ২৭ এপ্রিল বাংলাদেশে আসে। ১ মে তাদের ফেরার কথা রয়েছে।
