ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যারলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ব্রিটেনের বাইরে প্রথম কোনো ব্যক্তি হিসেবে এমসিসির সভাপতি হওয়ার ইতিহাস গড়বেন তিনি।
এমসিসি’র বার্ষিক সাধারণ সভার শেষে পরবর্তী সভাপতি হিসাবে সাঙ্গাকারার নাম ঘোষণা করেন বর্তমান প্রেসিডেন্ট অ্যান্টনি। এমসিসির প্রেসিডেন্ট হিসেবে ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাঙ্গাকারা। এর আগে ২০১২ সালে ক্লাবটির আজীবন সম্মানজনক সদস্যপদ দেওয়া হয় তাকে। শ্রীলঙ্কার কিংবদন্তি এই ক্রিকেটার এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যও।
এমসিসির প্রেসিডেন্ট হওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন সাঙ্গা, “এমসিসির প্রেসিডেন্ট হিসেবে আমার নাম ঘোষণা আমার জন্য বড় সম্মানের। এমসিসির সভাপতি হিসাবে কাজ করার জন্য খুব মুখিয়ে আছি।”
“আমার কাছে এমসিসি বিশ্বের সবচেয় বিশ্বের সেরা ক্রিকেট ক্লাব। শুধু বিশ্বব্যাপী প্রসারের জন্যই নয়, ক্রিকেটের বিস্তার ও উৎকর্ষতায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যও।...এমসিসির সভাপতি হিসাবে ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার কথা ভেবে আমি রোমাঞ্চিত।”
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এমসিসির হেডকোয়ার্টার হল ঐতিহ্যবাহী লর্ডস। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হিসাবে এমসিসির নিয়মাবলিকেই স্বীকৃতি প্রদান করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
