ঘূর্ণিঝড় ‘ফণি’র ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যেতে কোনো রকম গড়িমসি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এ আহ্বান জানান।
জনগণের উদ্দেশে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণি’ নিয়ে আতঙ্কিত হবেন না। তবে সর্বোচ্চ সতর্ক বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাবেন। আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়ে কোনো রকম গড়িমসি করবেন না।
গত ১০ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবেলার সক্ষমতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘ফণি’ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও দুর্গতদের পাশে থাকবে বলে জানান হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয় করে মনিটরিং করা হচ্ছে।
লন্ডন সফররত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণি’র বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন জানিয়ে হানিফ বলেন, প্রধানমন্ত্রী প্রশাসনের পাশাপাশি দলের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।
ঘূর্ণিঝড় ‘ফণি’র সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ে আওয়ামী লীগের মনিটরিং কমিটি এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বিভাগীয় পর্যায়ে তিনটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এ নেতা। দলীয়ভাবে মেডিকেল টিম ও ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপি সমালোচনা করে তিনি বলেন, তারা প্রতিটি ক্ষেত্রে নোংরা রাজনীতি করছে। সব কিছুতে নোংরা রাজনীতি করবেন না।
বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, শুধু বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে, লোক দেখানো কার্যক্রম না করে জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন।
সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা করায় বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, নিজেদের চেহারা আয়নায় দেখুন। ১৯৯১ সালের কথা একবার স্মরণ করুন।
