পটুয়াখালীর বাউফলে চালকের অসাবধানতায় রোলারে পিষ্ট হয়ে রাফিয়া খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় উপস্থিত লোকজন চালককে ধরার চেষ্টা করলে, সে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফিয়া ওই গ্রামের জামাল খানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের পূর্ব কালাইয়া গ্রামের বেড়িবাঁধ সড়কের নির্মাণকাজ চলছে। ঘটনার দিন বেলা সাড়ে ১১টায় রোলার দিয়ে সড়কের কাজ চলাকালীন সময়ে চালক রোলার পেছনের দিকে চালাচ্ছিল। এমন সময় সড়কের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু রাফিয়া। চলকের অসাবধানতায় রোলারের নীচে পড়ে গিয়ে মাথাসহ শরীরের অর্ধেক অংশ সড়কেই পিষে যায় রাফিয়ার।
এ সময় প্রত্যক্ষদর্শীরা রোলারের চালকে ধারার চেষ্টা করলে সে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশু রাফিয়ার লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
