হাব্‌ল টেলিস্কোপ নিয়ে বেফাঁস মন্তব্য করে ট্রোলড পাক মন্ত্রী

আপডেট : ০৭ মে ২০১৯, ০১:৪৬ পিএম

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হাব্‌ল। এই টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র সুপারকো। একটি টেলিভিশন চ্যানেলে এমন মন্তব্য করে সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

রোববার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজে’র একটি অনুষ্ঠানে মন্ত্রী ফাওয়াদ দাবি করেন, “বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ হাব্‌লকে মহাকাশে প্রেরণ করেছে সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন)। সেটি একটি উপগ্রহে বসিয়ে তা মহাকাশে পাঠানো হয়েছে।”

image

ওই মন্তব্যের পরই সোশাল মিডিয়ায় একের পর এক ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন ইমরান খান সরকারের ওই মন্ত্রী। রীতিমতো ট্রোলড করা হয় তাকে।

টুইটারে এক ব্যক্তি মন্তব্য করেন, “এবার হয়তো নাসার প্রধান ইস্তফা দেবেন। আর ফাওয়াদ চৌধুরীর মন্ত্রকের অধীনস্থ সুপারকো-র প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।”

অন্য এক নেটিজেনের কটাক্ষ, ‘আপনি তো আপনার পূর্বসূরিদেরও ছাপিয়ে গিয়েছেন। আপনার পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েক দিনেই আমরা বুঝতে পারলাম ‘হাবল’ টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছে সুপারকো... অসাধারণ! ইমরান খান সরকারের উচিত, এ ধরনের আবিষ্কারককেই পুরস্কার হিসেবে মহাকাশে পাঠানো।

image

গত নভেম্বরেরই ফাওয়াদ চৌধুরী বলেছিলেন, “যে সমস্ত রাজনৈতিক নেতার বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাদের মহাকাশে পাঠিয়ে দেওয়া উচিত। আমি সুপারকো-কে নির্দেশ দেব যাতে তারা আর মহাকাশ থেকে ফিরে আসতে না পারেন!”

এবার বেফাঁস মন্তব্যের জন্য সেই ফাওয়াদকেই মহাকাশে পাঠানোর প্রস্তাব দিলেন নেটিজেনরা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত