৭ মে নবম সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে জঙ্গি হামলা হওয়ার কারণে উৎসবের তারিখ পরিবর্তন হয়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর বাংলাদেশি পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করে বলেন, সার্ক কালচারাল সেন্টারের আয়োজনে ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৯ এর আজ পর্দা উঠার কথা থাকলেও আয়োজক কর্তৃপক্ষ সম্প্রতি শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ জঙ্গি হামলা হওয়ার কারণে তারিখ পরিবর্তন করেছেন। ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২ থেকে ৭ জুলাই।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫ টি চলচ্চিত্র মনোনীত করে পাঠানো হয়েছে ৯ম সার্ক চলচ্চিত্র উৎসবে। মাস্টার বিভাগে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ এবং নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। এ ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’, চৈতালি সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সিইউ’।
