বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে।
দেশটির অ্যাভিয়েশন সূত্র মিয়ানমার টাইমসকে জানায়, বিমান বাংলাদেশের ফ্লাইট এস২-এজিকিউ-বমব্রাইডার ড্যাশ ৮ কিউ৪০০ বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে।
মিয়ানমার টাইমস আরো জানায়, ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, বিমানের এ ফ্লাইটে মোট ৩৩ আরোহী ছিলেন। তাদের মধ্যে পাইলটসহ চারজন আহত হয়েছেন।
বাংলাদেশ অ্যাভিয়েশন হাব তাদের ফেসবুক পেজে জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। এরপর ৬টা ৫০ মিনিটের দিকে তা ইয়াঙ্গুনে অবতরণ করার সময় রানওয়ের বাম দিকে ছিটকে পড়ে।
বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় তারা।
আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয় বলেও অ্যাভিয়েশন হাব জানায়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
