বান্ধবীকে শাটলে সিট রাখতে বাধা, জুনিয়র কর্মীর মাথা ফাটালো ছাত্রলীগ নেতা

আপডেট : ০৮ মে ২০১৯, ০৯:১৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে বান্ধবীকে সিট ধরতে নিষেধ করায় হিমেল নামের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে শাখা ছাত্রলীগের এক নেতা।

বুধবার  বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী দুপুর দেড়টার ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত মো. হিমেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।  তিনি শাটল ট্রেনের বগিভিত্তিকগ্রুপ বিজয় গ্রুপ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরমুখী দুপুর দেড়টার শাটল ট্রেনে এক ছাত্রী ব্যাগ দিয়ে সিট ধরলে ছাত্রলীগকর্মী হিমেল বাধা দেয়। এ সময় ওই ছাত্রী তার বন্ধু ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মিরাজকে এ বিষয়ে জানান।

মিরাজ ক্ষিপ্ত হয়ে হিমেলের মাথায় বেশ কয়েকবার আঘাত করে। এতে হিমেলের মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মিরাজ বিশ্ববিদ্যালয় হিউম্যান রিচার্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র এবং শাটলট্রেনের বগিভিত্তিকগ্রুপ সিক্সটি নাইন ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, এ ধরনের একটা ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত