ভোটারদের প্রভাবিত করতে সাংবাদিকদের কাছে টানার চেষ্টায় বিপাকে পড়েছে বিজেপি। জম্মু কাশ্মীরে বিজেপির বিরুদ্ধে সাংবাদিকদের একাংশকে ঘুষ দেওয়ার অভিযোগ জানা গেছে। অভিযোগের তীর রাজ্য বিজেপি সভাপতি রাভিন্দর রায়নার দিকে।
অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি’র পক্ষে খবর করার জন্য সাংবাদিকদের টাকা দিতে চেয়েছে। এমনকী সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গত সপ্তাহে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে খামে ভরে সাংবাদিকদের টাকা দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক বিক্রম রানধাওয়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক খামে ভরে টাকা দিতে চাইছেন সাংবাদিকদের। পাশে বসে রয়েছেন বিজেপি’র জম্মু–কাশ্মীরের সভাপতি রবীন্দ্র রায়না।
এই ঘটনা নিয়ে প্রেস ক্লাব থেকে স্থানীয় নির্বাচনী অফিসে চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে।
যদিও বিজেপি’র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রিনচেন অ্যাঙমো নামে এক সাংবাদিক দাবি করেছেন এই ঘটনা পুরোপুরি সত্য।
তিনি বলেন, ‘যখন আমরা জিজ্ঞাসা করলাম এই খামে কি আছে? তখন বলা হল এখানে রয়েছে একটুকরো ভালবাসা। আমি খুলে দেখি সেখানে ৫০০ টাকার নোট রয়েছে। আমি ততক্ষনাৎ তা ফেরত দিতে গেলে তা নিতে অস্বীকার করা হয়। তখন আমি টেবিলে রেখে চলে আসি।’
একজন সাংবাদিক জানালেন, বৃহস্পতিবার একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তার কভারেজে যান চার জন সাংবাদিক। সম্মেলন শেষে রাভিন্দর রায়নার উপস্থিতিতে সাংবাদিকদের একটি খাম দেওয়া হয়। কেউ কেউ সেই খাম খুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়৷ বলা হয় ‘পরে গিয়ে খুলবেন’।
এতে কয়েকজন সাংবাদিকদের সন্দেহ হয়। তাদেরই একজন খাম খুলে দেখেন ভেতরে রাখা ৫০০ টাকার নোট। তিনি খামটি নিতে অস্বীকার করেন। কিন্তু বিজেপি নেতারা সেটি ফেরত নিতে চায়নি। ক্ষুব্ধ সাংবাদিকরা খামগুলি সেখানে রেখে চলে যান৷
এরপরই লাদাখ প্রেস ক্লাবের পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। ওই অভিযোগে বলা হয়, সাংবাদিকদের তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি। এই কাজ করে তারা আচরণবিধিও ভেঙেছে। কমিশন ছাড়াও পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়।
