লিগের অর্ধেকটা শেষ হয়ে যাওয়ার পর অবশেষে স্পন্সর পেল দেশের শীর্ষ ফুটবল লিগ। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘরোয়া লিগগুলোর কমার্শিয়াল পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনার আইএসপিকে। পাঁচ বছরের জন্য ঘরোয়া ফুটবলের স্পন্সর স্বত্ব কিনে নিয়েছে সংস্থাটি। আর আজ থেকে শুরু প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে টিভিএস অটো। গতকাল একই অনুষ্ঠানে লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বেসরকারি টেলিভিশন বাংলা টিভি।
বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে বলেন, ‘লিগের মাঝপথে হলেও স্পন্সর পেয়েছি। এটা ফুটবলের জন্য ভালো দিক। আইএসপির সঙ্গে চুক্তিটা পাঁচ বছরের। এর মধ্যে চুক্তির অর্থ কমতেও পারে বাড়তেও পারে।’ সালাম মুর্শেদী অবশ্য স্পন্সরশিপের অর্থ প্রকাশ করেননি। তবে জানিয়েছেন, যে টাকাই তারা পাবেন তার সিংহভাগ তারা ভাগ করে দেবেন ১৩টি অংশগ্রহণকারী দলের মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়াও আইএসপি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ এবং বিপিএলের দলগুলোর বয়সভিত্তিক লিগের স্পন্সর স্বত্ব পেয়েছে।
উল্লেখ্য, বাফুফে মৌসুম শুরুর আগে পাঁচ বছরের জন্য কমার্শিয়াল স্বত্ব বিক্রি করেছিল আন্তর্জাতিক সংস্থা এমপি অ্যান্ড সিলভার কাছে। যদিও এই প্রতিষ্ঠানটি পরবর্তীতে লিগের জন্য কোনো স্পন্সর জোগাড় করতে পারেনি। গতকাল বাফুফে জানায়, এমপি অ্যান্ড সিলভার অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আইএসপি নতুন চুক্তি করেছে তাদের সঙ্গে।
গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিপক সিং, টিভিএস অটোর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন এবং বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ সামাদুল হক।
