পরীক্ষায় সাফল্য দেখিয়ে একদিনের জন্য পুলিশের ডেপুটি কমিশনার!

আপডেট : ০৯ মে ২০১৯, ১১:১৯ এএম

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসির মতো ভারতের দ্বাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা আইএসসি। সেই পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে  এক দিনের জন্য পুলিশের ডেপুটি কমিশনার হলো কলকাতার এক ছাত্রী।

এনডিটিভি জানায়, এবারের আইএসসি পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পাওয়া রিচা সিংকে বুধবার এক দিনের জন্য বর্তমান ডিসি (এসইডি) কল্যাণ মুখোপাধ্যায়ের আসনে বসানো হয়।

কলকাতা পুলিশের ডিসি সাউথ ইস্ট ডিভিশনের (এসইডি) দপ্তরে এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে।

রিচা এ বছরের আইএসসি পরীক্ষায় সারা দেশে চতুর্থ স্থান অধিকার করেছে। রিচার বাবা রাজেশ কুমার সিং কলকাতা পুলিশের একজন কর্মকর্তা। গড়িয়াহাট থানায় এডিশনাল ওসি হিসাবে কর্মরত আছেন তিনি।

পুলিশ কর্মকর্তার মেয়ের সাফল্য এমন অভিনব সংবর্ধনা জানায় ডিসি (এসইডি) অফিস থেকে। ডিসি কল্যাণ মুখোপাধ্যায় নিজের চেয়ার রিচাকে ছেড়ে দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার বিকেল দেশটিতে এ বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। দশম এবং দ্বাদশ এই দুই পরীক্ষাতেই ছেলেদের থেকে সার্বিক ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা। এ ছাড়াও আইসিএসই এবং আইএসসি দুটির ফলাফলেই কলকাতার জয়জয়কার দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত