আমির নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আঞ্জুম নামে ওই তরুণী। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বিচ্ছেদ মেনে নিতে পারেননি আঞ্জুম। প্রতিশোধ নিতে আমিরকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন তিনি।
ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে এ ঘটনা ঘটছে। ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে জিনিউজ জানায়, অ্যাসিডে আমিরের শরীরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শরীরের ওপরের দিকে ক্ষতের পরিমাণ বেশি। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুলিশ বলছে, আমির ও আঞ্জুমের মধ্যে দুই বছর সম্পর্কে ছিল। সম্প্রতি আঞ্জুমের সঙ্গ ত্যাগ করেন আমির। অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি যা একেবারেই মেনে নিতে পারেননি আঞ্জুম।
তদন্তকারীরা আরও জানান, আমিরের ওপর হামলা চালানোর জন্য ২০১৮ সাল থেকে পরিকল্পনা করছিলেন আঞ্জুম। সেজন্য টিভিতে একাধিক ক্রাইম ধারাবাহিক দেখেন তিনি।
এর পর আমিরকে শহরের একটি হোটেলের সামনে ডাকেন তিনি। সেখানেই বোরকা পরে এসে আমিরের মুখে অ্যাসিড ছুড়ে পালান আঞ্জুম। তিন দিন পর আঞ্জুমকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অ্যাসিড কোথা থেকে পেয়েছেন সে বিষয়ে জানতে আঞ্জুমকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাউকে গভীর আঘাত করার ধারায় মামলা রুজু হয়েছে।
