স্কুলছাত্রীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে ড্রেনে ফেলে দেয়

আপডেট : ১১ মে ২০১৯, ০২:২৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৫) রাতভর ধর্ষণ করে মাঠের ভেতর ড্রেনে হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায় বখাটেরা। শনিবার সকালে ওই গ্রামের মাঠ থেকে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত আল-আমিন (১৬) কালীগঞ্জ উপজেলার বৃত্তিপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

কিশোরীর বাবা জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশে মোবাইল ফোনের চার্জার আনতে যায় তার মেয়ে। সে সময় চার্জার নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা আল-আমিন ও তার সহযোগীরা ওই মেয়েকে জোর করে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে তাকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় আল-আমিন ও তার সহযোগীরা।

তিনি আরও জানান, কিশোরী ওই রাতে বাড়িতে না ফেরায় রাত থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সকালে গ্রামের কৃষক মাঠে কাজ করতে গিয়ে দেখতে পাই ওই কিশোরীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাঠের ড্রেনের ভেতর পড়ে আছে। পরে সকালে খবর পেয়ে পরিবার ও গ্রামবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস আলী জানান, খবর পেয়ে শনিবার দুপুরে কিশোরীর বাড়িতে গিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত