তাপমাত্রা কমবে ১-৩ ডিগ্রি, বৃষ্টি হয়েছে রংপুর-নেত্রকোনায়

আপডেট : ১৩ মে ২০১৯, ১২:৫৫ পিএম

তিন বিভাগে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি। বৃষ্টি হয়েছে রংপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট, নেত্রকোনা ও সিলেটে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, মাইজদী কোর্ট ও রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রোববার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। ডিমলায় ৪৫, রংপুরে ৪৩ আর রাজারহাটে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা এবং সিলেটে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত