চিকিৎসা-বর্জ্যরে দুর্গন্ধে নাকাল রোগী-দর্শনার্থী

আপডেট : ১৪ মে ২০১৯, ১২:১৯ এএম

যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে চিকিৎসা-বর্জ্য। দেখে বোঝার উপায় নেই, এটি একটি আধুনিক হাসপাতাল। ময়লা-বর্জ্যরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে চিত্র এটি। বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে হাসপাতালে ভর্তি রোগীরা তো বটেই সাধারণ দর্শনার্থীরা আক্রান্ত হচ্ছেন নানা রোগে।

গত রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেশ কয়েকটি উন্মুক্ত স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রোগীদের রক্তমাখা গজ, ব্যান্ডেজসহ নানা ধরনের বর্জ্য। সেখানে বেশ কয়েকটি কুকুর সেই বর্জ্যগুলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলছে। দুপুরের পর দেখা গেল মেডিসিন, সার্জারি ও গাইনি ওয়ার্ডের পাশে রাখা বড় বড় প্লাস্টিকের ড্রামভর্তি বর্জ্য বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের বাউন্ডারির মধ্যেই উন্মুক্ত স্থানে ফেলছে। একটা সময় হাসপাতালে রোগীদের চিকিৎসা-বর্জ্য জমতে জমতে তৈরি হলো ময়লা-আবর্জনার স্তূপ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে বর্জ্য উন্মুক্ত স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার দৃশ্য নিত্যদিনের। বিষাক্ত এসব চিকিৎসা-বর্জ্যরে প্রকট দুর্গন্ধে হাসপাতালে অবস্থান করায় কষ্টসাধ্য ব্যাপার।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীম কবীর বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসাসেবা নেন। এ কারণে বর্জ্যও হয় একটু বেশি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সিভিল সার্জন খাইরুল আলম জানান, হাসপাতালের বর্জ্য শোধনাগারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই এ সমস্যা দূর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত