বোয়ালমারীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৬ মে ২০১৯, ১২:০২ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে রক্তাক্ত জখম অবস্থায় ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চ-িবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করেছেন, স্থানীয় পুলিশের অসহযোগিতার কারণেই প্রতিপক্ষরা এ হামলা চালাতে সক্ষম হয়েছে।

হামলায় আহতদের মধ্যে ঘোষপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুন্নু মোল্যা (৪২), আওয়ামী লীগকর্মী কাজী রফিউদ্দিন (৬০), তার ছেলে কাজী শামীম (৩৫), মোস্তফা মোল্যা (৫০), সাইফুর রহমান (৫০), মেয়ে কাজী শাহনাজ (৩৫), আব্দুর রাজ্জাক (৭০), মতিয়ার রহমান (৫০), কবির হোসেন (৫৫) ও সাহেব আলী (২৬) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সকলেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের সমর্থক।

ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেন বলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া এবং আলাউদ্দিন আহমেদের সমর্থক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল মেম্বার ও আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘুমন্ত মানুষের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া বলেন, ‘আগের দিন রাতে আমার লোকদের ওপর ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের লোকেরা হামলা চালিয়ে আহত করে। এ কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে।’

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

প্রসঙ্গত, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোষপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক ওই দুই চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। সম্প্রতি ইউনিয়নের বালুমহাল ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চাঙ্গা হয়ে ওঠে। মাসখানেক আগেও দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত