৫ উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে রাহীর

আপডেট : ১৬ মে ২০১৯, ১০:১৬ এএম

অভিষেক ওয়ানডেতের ব্যর্থতাটা দ্বিতীয় ম্যাচেই কাটিয়ে তুললেন আবু জায়েদ রাহী। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়েছেন নিয়েছেন পাঁচ উইকেট। এতে যেন পাহাড় সমান চাপ থেকে মুক্তি পেলেন বাংলাদেশ দলের এই পেসার। আত্মবিশ্বাস ফিরে যাওয়া রাহীর চোখ এখন অনেক দূর।

ত্রিদেশীয় গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে পা রাখেন রাহী। ম্যাচটিতে ৯ ওভার বল করে ৫৬ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি ডানহাতি এই পেসার। বিশ্বকাপের চূড়ান্ত দলে তার জায়গা পাওয়া নিয়ে শঙ্কার দানা বাধতে শুরু করে।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে রাহীকে প্রমাণের আরেকটি সুযোগ দেয় টিম ম্যানেমজমেন্ট। এবার আর ভুল করলেন না আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নতুন এই মুখ। নিংড়ে দিলেন নিজের সেরাটুকু। নয় ওভার বল করে ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রাহী। কাটিয়ে দেন নিজেকে নিয়ে অনিশ্চয়তার সব শঙ্কা।

এর মধ্য নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও এখনই তৃপ্তির ঢেকুর ফেলতে নারাজ রাহী। অনেক পথ পাড়ি দেওয়ার ইচ্ছা তার, “আত্মবিশ্বাস বেড়েছে, তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি উইকেট পাবেন এমনি প্রত্যাশাও করেননি বলে জানালেন রাহী। তাই তার ভালো লাগাটাও অন্যরকম, “অবশ্যই ভালো লাগছে। শুরুতে চাইছিলাম অন্তত একটা উইকেট যেন পাই। দুটি হলে তো আরও ভালো।”

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার কাছ থেকে মনে জোর পেয়েছেন বলে জানালেন রাহী, “মাশরাফি ভাই বারবার বলেছিলেন, ‘তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছা কর।’ আমি সেভাবেই করার চেষ্টা করেছি।”

“বাইরে অনেক কথা হয়েছে। মাশরাফি ভাই একটা কথা বলেছেন যে ‘সোশাল মিডিয়া যদি সহ্য করতে পারো, তাহলে দেখো। সহ্য না করতে পারলে বন্ধ করো।”

রাহীর নৈপুণ্যের ম্যাচটিতে আয়ারল্যান্ডকে দাপটের সঙ্গেই হারিয়েছে বাংলাদেশ। ৪২ বল হাতে রেখে মাত্র চার উইকেটেই জয়ের জন্য ২৯৩ রানের লক্ষ্য পার হয়ে যায় তারা। সিরিজে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি শনিবার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত