প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ, আটক ১

আপডেট : ১৯ মে ২০১৯, ০৯:৫৩ পিএম

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি বিকৃত করে পোস্ট দেওয়ার অভিযোগে শাহিন রেজা (৪৮) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

এই ঘটনায় মীর শিহার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

রবিবার সকালে পুলিশ শাহিন রেজাকে কারাগারে প্রেরণ  করেছে। আটক শাহিন রেজা বদরপুর এলাকার হকতুল্লা গ্রামের মৃত মৌলভি ওসমান আলীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্র জানায়, শাহিন রেজা তার নিজ ফেসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবি বিভিন্ন সময় পোস্ট ও শেয়ার দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ছেলে সজিব ওয়াজেদ জয়, রাষ্ট্রপতি আবদুল হামিদ, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনুর ছবিও বিকৃত করা হয়েছে।

এসব পোস্টের সূত্র ধরে ১৭ তারিখ শাহিন রেজার সাথে ফোনে যোগাযোগ স্থাপন করে পটুয়াখালী পৌর শহরের আদালত পাড়ার বাসিন্দা মীর শিহাব। এ সময় তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা বলে জানায় শাহিন। ওই দিন রাত সাড়ে ১১টায় তাকে স্থানীয় লোকজন মুসলিম পাড়া থেকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ শনিবার রাত ১২টায় শাহিন রেজা আটকের বিষয়টি স্বীকার করে এবং তার নামে মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সময় নিয়ে যাচাই বাছাই করে মামলা গ্রহন করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত