ফুটবল ম্যাচ চলাকালে মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভিক্টোর হুগো হুরতাদো নামের এক বলিভিয়ান রেফারি। বলিভিয়ান ফুটবল লিগ চলাকালে ঘটেছে এ ঘটনা।
অলওয়েজ রেডি ও ওরিয়েন্তে পেট্রোলার মধ্যকার ম্যাচ পরিচালনা করছিলেন ৩১ বছর বয়সী রেফারি। ম্যাচটির ভেন্যু মিউনিসিপ্যাল স্টেডিয়াম ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৯০০ মিটার ওপরে।
ভিক্টোর হুগো বেশ ভালোভাবেই ম্যাচ পরিচালনা করছিলেন। ৪৭ মিনিটে হঠাৎই মাটিতে লুটে পড়েন। দুই দলের খেলোয়াড়, সহকারী রেফারির, ডাক্তাররা এগিয়ে যান। পরে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে।
কিন্তু হাসপাতালে নেওয়ার পর আরো একবার হৃদ্রোগে আক্রান্ত হন ভিক্টোর হুগো। বলিভিয়ান ফুটবল ফেডারেশন রেফারি ভিক্টোর হুগোর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এক বিবৃতিতে মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
তবে রেফারি হৃদ্রোগে আক্রান্ত হলেও ম্যাচটি ঠিকই পুরোপুরি সম্পন্ন হয়েছে। ভিক্টোর হুগোকে হাসপাতালে নেওয়ার পর চতুর্থ রেফারি ম্যাচ পরিচালনা করেন। যখন ঘটনাটা ঘটে তখন ম্যাচের স্কোর লাইন ছিল ০-০। তবে এরপর ৫ গোলে আদায় করে নেয় অলওয়েজ রেডি ক্লাব। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
