মোবাইলে ফ্ল্যাক্সিলোডের টাকা না দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিল্প পুলিশের সঙ্গে দোকান মালিকদের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যবসায়ী ও পথচারী আহত হয়েছেন। গত সোমবার ইফতারের সময় উপজেলার সিডস্টোর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে ইফতারসামগ্রী ফেলে দেওয়াসহ ইফতারের সময় অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীরা সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ব্যবসায়ীদের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা মডেল থানা-পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী ময়মনসিংহের পুলিশ সুপারের মোবাইল ফোনে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ফ্ল্যাক্সিলোড ও শিল্প পুলিশের চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শিল্প পুলিশের ডিআইজি আওলাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভালুকা জোনের শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহম্মেদ জানান, শিল্প পুলিশের সদস্যকে একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে এ ঘটনার সূত্রপাত।
