কানের লাল গালিচায় হেঁটে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন হিনা খান। সেখান থেকে চলে যান প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে আবেগী বার্তা লেখেন। সেটি দেখে প্রিয়াঙ্কাও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন।
হিনা প্রথমে সিরিয়ালে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন। হঠাৎ সেটি ছেড়ে দিয়ে যোগ দেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। তারপর সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন। সবকিছু ছাপিয়ে তিনি ভারতীয়দের মধ্যে সবার আগে মাতিয়েছেন ৭২তম কান চলচ্চিত্র উৎসব।
হিনার লেখা পড়ে প্রিয়াঙ্কা উত্তর দিয়েছেন এভাবে, ‘সবকিছুর জন্য হিনা তোমায় ধন্যবাদ। দূর থেকে ভালোবাসা নিও। তোমার যা অর্জন, তাতে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি গর্বিত।’
হিনা মূলত পার্টিতে আমন্ত্রণ জানানোয় প্রিয়াঙ্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনস্টাগ্রামে সাবেক বিশ্বসুন্দরীর আমন্ত্রণকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বলিউড অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করেন।
