কংগ্রেসকে এড়িয়ে সৌদিতে অস্ত্র বিক্রি করলেন ট্রাম্প

আপডেট : ২৫ মে ২০১৯, ১১:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গত শুক্রবার মধ্যপ্রাচ্যে ১ হাজার ৫০০ সৈন্য মোতায়েনেরও ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বিবদমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে উসকানিমূলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসকে এড়িয়ে ট্রাম্প এভাবে অস্ত্র বিক্রি করতে পারেন না। কিন্তু জরুরি অবস্থায় প্রশাসনিক আদেশ দিয়ে এমন অস্ত্র বিক্রির অনুমোদন দিতে পারেন তিনি। এ ক্ষেত্রে ওই সুযোগই ব্যবহার করেছেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের প্রশাসনিক এই আদেশের বিষয়টি কংগ্রেসকে জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ পার্লামেন্টে কঠোর বিরোধিতার মুখে পড়ার আশঙ্কাতেই কংগ্রেসকে পাশ কাটিয়েছেন ট্রাম্প। কংগ্রেসকে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত জানিয়ে চিঠিতে মাইক পম্পেও বলেন, ‘ইরানের মারাত্মক কর্মকাণ্ডের’ কারণেই তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রির দরকার। ইরানের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং ভেতরে-বাইরে আমেরিকার নিরাপত্তার ওপর মৌলিক হুমকি সৃষ্টি করেছে। উপসাগরীয় এলাকা ও পুরো মধ্যপ্রাচ্যে হঠকারী সিদ্ধান্ত থেকে ইরানকে বিরত রাখতে যত দ্রুত সম্ভব এসব অস্ত্র অবশ্যই হস্তান্তর হতে হবে।’ তবে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনকে ট্রাম্প প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন। মোতায়েনকৃত সেনাদলের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং প্রতিরক্ষা প্রকৌশলীরা পর্যন্ত আছেন। এ ছাড়া দলে একটি ফাইটার জেট স্কোয়াড্রনও আছে।

জাপানের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে সুরক্ষা চাই। তাই আমরা তুলনামূলক ছোট একটি বাহিনীকে পাঠাচ্ছি নিরাপত্তার অংশ হিসেবে।’ মিসর ও আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৭০ হাজার সেনা অবস্থান করছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়বে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ঘোষণার বর্ষপূর্তির দিনে চুক্তি থেকে আংশিক সরে যাওয়ার কথা জানিয়ে দেয় তেহরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত