দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৬ মে ২০১৯, ১১:৪৭ এএম

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানায় দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

নিহত আলম হোসেন বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড় এলাকার মোশাহাক হোসেনের ছেলে।

দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন আলম হোসেন নামের এক ব্যক্তি।

তিনি আরও জানান, ভারত সীমান্তের ভেতরে প্রায় ৫০ গজ দূরে আলম হোসেনকে গুলি করে বিএসএফ। আলম হোসেন সম্ভবত গরু চোরাচালানকারী দলের সদস্য।

এই বিজিবি কর্মকর্তা বলেন, নিহত আলম হোসেনের লাশ স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এ বিষয়ে রোববার সকাল ১০টায় ধর্মজৈন সীমান্তে ৩২০ মেইন পিলারের সাব-পিলার ১০ স্থানে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে নিহতের ঘটনায় বিএসএফ বাহিনী দুঃখ প্রকাশ করেছে বলে জানান দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী নাহিদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত