ঘূর্ণিঝড় ফণিসহ সাম্প্রতিক সময়ের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে দেশের সাত শতাধিক স্কুল-কলেজ এবং মাদ্রাসার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠান মেরামত করা হচ্ছে বলেও জানিয়েছেন ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’ (ইইডি) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) কর্মকর্তারা। এজন্য মোট খরচ হবে প্রায় ১৮ কোটি টাকা।
এই দুই অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘ফণি’র আঘাতে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল ও বরিশাল বিভাগের পশ্চিম অঞ্চলে শতাধিক প্রাথমিক বিদ্যালয় ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ফণির পর বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়-বৃষ্টিতে আরও তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে উপকূলীয় জেলায় ২৯৯টি হাই স্কুল, কলেজ ও মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত ইইডি এরই মধ্যে উপকূলীয় জেলায় ২৯৯টি হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার তালিকা তৈরি করে এগুলোর সংস্কার কার্যক্রম শুরু করেছে। সংস্থাটির প্রাথমিক তালিকা অনুযায়ী, ২৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। ইইডির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি তালিকা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্ত ২৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা করা হয়েছে। এই তালিকা অনুযায়ী, ইইডির জরুরি ফান্ড (তহবিল) থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী আগস্টের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
