কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল হাজারীকে ''শুয়ারের বাচ্চা'' বলে অশ্লীল গালিগালাজ করে তার গর্দান কেটে নেওয়ার হুমকি দিয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম।
ইউএনও কর্তৃক ইউপি সদস্যকে ধরনের অশ্লীল গালিগালাজ ও হুমকির ঘটনায় হতবাক হয়েছে এলাকাবাসী। ওই ইউপি সদস্যর কাছে ইউএনও কর্তৃক ফোনে গালিগালাজ ও গর্দান কেটে নেওয়ার হুমকির অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।
ইউপি সদস্যের নিকটাত্মীয় অ্যাডভোকেট মীর মোশারফ হোছাইন টিটু গত ২৫ মে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে "পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক একজন মেম্বারকে শুয়ারের বাচ্চা বলে গর্দান কেটে নেওয়ার হুমকি। নিরাপত্তাহীনতায় মেম্বার" লিখে তিন লাইনের একটি স্ট্যাটাস পোস্ট করেন। এরপর থেকে বিষয়টি নিয়ে পুরো পেকুয়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর ইউএনও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নানান উপায়ে দৌড়ঝাঁপ শুরু করেন।
ভুক্তভোগী জয়নাল আবেদীন হাজারী মেম্বার বলেন, "গত ৭ মে তার ব্যক্তিগত মুঠোফোনে পেকুয়ার ইউএনও মাহাবুব উল করিমকে ফোন করেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ইউএনও স্যার আমাকে শুয়োরের বাচ্চাসহ আরও অশ্লীল গালিগালাজের পাশাপাশি গর্দান কেটে নেওয়ার হুমকি দেন।" ইউএনওর মুখে এ ধরনের ভাষা শুনে তিনি হতবাক হয়ে যান। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে আপস মীমাংসার জন্য ইউএনও বিভিন্ন উপায়ে তাকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
কয়েক দিনের মধ্যেই ভুক্তভোগী ইউপি সদস্য এ ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মীর মোশারফ হেছাইন টিটু।
পেকুয়ার মানবাধিকার কর্মী মামুনুর রশিদ মামুন জানান, পেকুয়ার ইউএনওকে উক্ত অপরাধের জন্য দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় পেকুয়াবাসীকে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাহাবুব উল করিম পেকুয়ায় যোগদান করার পর থেকে বিভিন্ন সময় তার দুর্ব্যবহারের শিকার হয়েছেন শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ।
পেকুয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মাহবুব উল করিম। এ বিষয়ে জানার জন্য পেকুয়ার ইউএনও মাহাবুব উল করিমের মোবাইলে এ প্রতিবেদক বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পেকুয়ার ইউএনওর বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
