হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দানিয়ুবে নদীতে একটি নৌকা ডুবে দক্ষিণ কোরিয়ার সাত পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ২১ জন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
অন্য একটি নৌযানের সঙ্গে সংঘর্ষের সময় নৌকাটিতে দক্ষিণ কোরিয়ার ৩০ পর্যটক, তিন ট্যুর গাইড ও হাঙ্গেরির দুই মাঝি ছিলেন। নৌ দুর্ঘটনার পর সাতজনকে উদ্ধার করা হয়। ভারী বর্ষণের মধ্যেই ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এ ঘটনায় অপরাধ তদন্তও শুরু হয়েছে।
হাঙ্গেরির দানিয়ুবে জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। বৃষ্টিপাতে নদীটি ব্যাপক খরস্রোতা হয়। উদ্ধারকারী দলের ভাষ্য, বর্তমান অবস্থায় জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ।
বুদাপেস্টের প্রাণকেন্দ্রে পার্লামেন্ট ভবনের কাছে ডুবে যাওয়া নৌকাটিকে ‘হাবলেনি’ বা মৎস্যকন্যা হিসেবে শনাক্ত করা হয়েছে। নৌকাটির দুই পাটাতন ছিল, যার ধারণক্ষমতা ছিল ৪৫। ক্লোজড সার্কিট টেলিভিশনে (সিসিটিভি) ধারণকৃত ফুটেজে দেখা যায়, মার্গারেট সেতুর কাছে বড় একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ বাধে হাবলেনির। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, নৌকাটি পেছন দিক থেকে ধাক্কা খায়।
দানিয়ুব নদীতে এ ধরনের ঘটনা বিরল। জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রে অনেক নৌযান চলাচল করলেও সেগুলো নিরাপদ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র আদ্রিয়ান পাল বলেন, সংঘর্ষের পরপরই নৌকাটি ডুবে যায়।
