থাকেন কুঁড়েঘরে, চড়েন সাইকেলে, ভারতের মন্ত্রী হলেন তিনি

আপডেট : ৩১ মে ২০১৯, ০৩:৩৩ পিএম

ভারতে নরেন্দ্র মোদি সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ওডিসার বিজয়ী সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গি। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এই বিজেপি নেতার একাধিক ছবি।

একেবারেই সাধারণ জীবনযাপন করা ওডিসার এই ব্যক্তিকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। পরনে থাকে না দামি কোনো পোশাক, সাদা পায়জামা-পাঞ্জাবি পরেই দিন কাটিয়ে দেন।  থাকেন কুঁড়েঘরে। চলাফেরা করেন সাইকেলে চড়ে। এমন ব্যক্তি এখন কেন্দ্রীয় মন্ত্রী।

দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, ওডিশার বালাসোর আসন থেকে জিতেছেন প্রতাপ চন্দ্র সারঙ্গি। রাজ্যের মানুষ তাকে ‘ওডিশার মোদি’ বলে ডেকে থাকেন। বালাসোরে বিজু জনতা দলের প্রার্থী রবীন্দ্র কুমার জেনাকে তিনি হারিয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোটে।

দীর্ঘদিন ধরে রাজনীতি করে ওডিশার মানুষের মন জয় করেছেন অনেক আগে। এর আগে দুই মেয়াদে বিধানসভার সদস্য ছিলেন। এবারই প্রথম লোকসভায় বিজেপির টিকিট পেলেন তিনি। জিতেই বাজিমাত করে দিলেন তিনি। একেবারে কেন্দ্রে পৌঁছে গেলেন।

অথচ একটা সাইকেল চড়েই এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছে যান তিনি। থাকার জায়গা বলতে খড়ে ছাওয়া একটা কুঁড়ে ঘর। অবিবাহিত প্রতাপ বাবু সেই বাড়িতেই থাকতেন মায়ের সঙ্গে। গত বছর মায়ের মৃত্যু হলে এখন একাই থাকেন। পাড়ার ছোট ছেলেমেয়েদের সঙ্গে কাটে তার অবসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত