বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মুখোমুখি হয়েছে দল দুটি।
বেশ কিছু দিন ধরেই ছন্দে নেই শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে সবচেয়ে ব্যর্থ দলগুলোর একটি শ্রীলঙ্কা। অন্তত ২০ ম্যাচ খেলেছে এমন দলগুলোর মধ্যে দ্বীপ দেশটির জয়-পরাজয়ের অনুপাত সবচেয়ে খারাপ। এই সময়ে ৮৫ ম্যাচ খেলে মোটে ২৪টিতে জিতেছে তারা। হেরেছে ৫৫টিতে, একটি হয়েছে টাই, পরিত্যক্ত পাঁচটি।
দলে বারবার পরিবর্তন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ছিল নির্বাচকদের। তাতে উল্টো বিরূপ প্রভাব পড়েছে। ঢালাও পরিবর্তনে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে।
অনেক পরিবর্তন এসেছে লঙ্কান ক্রিকেটে। বদলেছে নির্বাচক, বদলেছে কোচ, বারবার পরিবর্তন এসেছে নেতৃত্বে। তবে মাঠের ক্রিকেটে এর ইতিবাচক প্রভাব পড়েছে সামান্যই।
অন্যদিকে গত বিশ্বকাপের রানার্সআপ এবারো দারুণ ফর্ম ও অভিজ্ঞ দল নিয়েই ইংল্যান্ডে পা রেখেছে। কেন উইলিয়ামসনের নেতৃত্বে আকমণাত্মক ক্রিকেট খেলা এই দলটি বিশ্বকাপের অন্যতম দাবিদার।
