সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে কোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে বোয়ালিয়া ব্রিজের উপর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্ণপুর গ্রামের নূর ইসলাম, ফজলু, সবুজ, হাফিজ, পাগলা গ্রামের রেজাউল করিম (লেগুনা ড্রাইভার), বড়হর গ্রামের আক্তার হোসেন, কেউকান্দি গ্রামের আব্দুল মান্নান, কয়ড়া গ্রামের মোহাম্মদ আলী ও আব্দুল বারি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস পরিবহন(ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৩৭) বোয়ালিয়া ব্রিজের উপর ওঠা মাত্র উল্লাপাড়া থেকে ছেড়ে আসা হাটিকুমরুলগামী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ড্রাইভার সহ ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জন নিহত হয়।
এ দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা, উল্লাপাড়া থানা, সলঙ্গা থানা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের টিম সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পরে। এলাকাবাসীর সহযোগিতায় ২০ মিনিটের মধ্যে আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
