ঈদ ফেলে হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে মুসলিম যুবক

আপডেট : ০৬ জুন ২০১৯, ১১:২০ এএম

ঈদের নামাজ শেষ করে অন্যদের মতো তারও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল। কিন্তু ভারতের নদিয়া পাড়ার সার্থক শেখ সেটি করলেন না। প্রতিবেশীর শেষযাত্রায় মানুষের অভাব দেখে নিজেই হলেন সামিল। সেখানেই পার করলেন গোটা দিন।

নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির মধ্যপাড়ায় থাকেন ৩০ বছর বয়সী সার্থক। পেশায় ভ্যানচালক। ঈদের নামাজ পড়ে বাড়িতে এসেই স্ত্রীকে জানিয়ে দেন, তিনি প্রতিবেশী পরিমল ঘোষের মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে যাবেন। ছোট্ট সন্তান আবিরকে কোলে নিয়ে আদর সেরে সার্থক শেখ এরপর রওনা দেন নবদ্বীপ মহাশ্মশানের দিকে। মানবতার ধর্ম পালনের জন্য।

সার্থক এই কাজকে মানুষ হিসেবে নিজের দায়িত্ব বলে মনে করেন, ‘হ্যাঁ, এটা ঠিক ঈদের দিনে নামাজ পড়ার পরে সবাই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান। মেতে ওঠেন আনন্দ উৎসবে। হয়তো আমারও তাই করা উচিত ছিল। কিন্তু মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। সেটি আমার ভাবা উচিত।’

‘বহুদিন ধরে একই এলাকায় একসঙ্গে থেকেছি। ঈদ তো আবার আসবে সামনের বছর। কিন্তু বহুদিনের পরিচিত পরিমলবাবু তো আর ফিরে আসবেন না। তাই তার শেষযাত্রায় যোগ দিতে মন চাইছিল। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াব, এ আর এমন কী। আমাদের ধর্মেও তো তাই বলা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত