প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে।
এ লক্ষ্যে বাস্তবতা যাচাই করতে রবিবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক শহিদুল ইসলাম। তিনি রেলওয়ে স্টেশনের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, প্রকৌশলী মৃণাল কান্তি বাণিক, অসিম কুমার পোদ্দার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি প্রমুখ।
পরিদর্শনকালে রেলের মহা ব্যবস্থাপক জানান, আগামী ২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত বিরতিহীন ট্রেনের উদ্বোধন করবেন। একই দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর জন্য নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা একটি শাটল ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে যাতায়াত করছেন। সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
