আবারও বিয়ে করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। কনের নাম খাদিজা মল্লিক শিমু।
শনিবার রাতে শিবলী সাদিক ও খাদিজা শিমুর বিয়ে হয়।
খাদিজা শিমু হিলি উপজেলার সিপি রোড নিবাসী ব্যবসায়ী বাবু মল্লিকের তৃতীয় সন্তান। হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিমু।
১১ লাখ ৪০ হাজার ১০১ টাকা দেনমোহর ধার্য করে নগদে পরিশোধপূর্বক শিবলী সাদিক ও শিমুর বিয়ে পড়ান নবাবগঞ্জের নিকাহ রেজিস্টার।
বিয়ের অনুষ্ঠানে হিলি উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ চার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা এবং উভয় পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরীতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জনপ্রিয় পর্যটন স্থান স্বপ্নপুরী সংসদ সদস্য শিবলী সাদিকের পারিবারিক বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে শিবলী সাদিক ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেন। ২০১৬ সালে সালমার সঙ্গে তার বিচ্ছেদ হয়। স্নেহা নামের একটি কন্যাসন্তান রয়েছে সালমার ঘরে।
২০১৮ সালের শেষ দিকে কণ্ঠশিল্পী সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাগর পেশায় আইনজীবী বলে গণমাধ্যমে এর আগে জানিয়েছিলেন সালমা।
