ফিরতি লেগেও লাওসকে হারাতে মরিয়া বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:২২ এএম

ফিফা ২০২২ বিশ্বকাপের মূল বাছাই পর্ব নিশ্চিত করতে প্রাক-বাছাই পর্বের ফিরতি লেগেও লাওসকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ঘরের মাঠে এই লড়াইয়ে ড্র করলেই লাল-সবুজ দল একটা বাধা পেরোবে, নিশ্চিত হবে মূল বাছাই পর্বে অংশগ্রহণের টিকিট। প্রথম লেগে লাওসের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফেরায় এই পথে অনেকটাই এগিয়ে রয়েছে জামাল-রবিউলরা।

ভিয়েনতিয়েনে প্রথম লেগে জয় পেয়ে এগিয়ে থাকলেও মাটিতেই পা রাখছেন বাংলাদেশ কোচ জিমি ডে। জানালেন, ড্রয়ে লক্ষ্য পূরণ হলেও জয়ের জন্যই মাঠে নামবে তার দল।

“আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, আগের ম্যাচে জিতলেও সতর্ক থাকতে হবে। ওদের গোল দরকার, তাই ওরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। তবে আমরা ড্র নয়, জেতার জন্যই মাঠে নামব।”

“লাওসের মাঠে প্রথমার্ধে ছেলেরা বেশ নার্ভাস ছিল। কিন্তু ঘরের মাঠে আমরা ভালো খেলে জিততে চাই, দেশের মানুষকে একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই। শুরুতে গোল পেলে ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবো আমরা।”

ধারে-ভারে বাংলাদেশ ও লাওস কাছাকাছি। ফিফা  র‌্যাংকিংয়ে লাওসের অবস্থান ১৮৪, বাংলাদেশ ১৮৮। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও দুই দলের অতীত লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। এর আগে চারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। বাংলাদেশ জিতেছে দুটি, লাওস একটি। একটি ম্যাচ হয়েছে ড্র। বেশি জয়, সর্বশেষ ম্যাচে জয়। তারপর এ খেলাটি ঘরের মাঠে। তাই বলা যায় আজকের লড়াইয়ে ফেভারিট বাংলাদেশই!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত