পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেট : ১১ জুন ২০১৯, ০৩:০৩ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল কালাম ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে আবুল কালামের জমিতে একই গ্রামের আব্দুল সরদারের ছেলে সাইফুল ইসলামের একটি গরু ঢুকে পাটক্ষেত নষ্ট করে। পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে এসে তাদের বাড়িতে আটকে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে সকাল ৮টার দিকে ছুরি ও লাঠিসোঁটাসহ সাইফুল দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়।

এক পর্যায়ে সাইফুল ছুরি দিয়ে আবুল কালামের পেটে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তখনই তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে আবুল কালাম মারা যান।

খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান জানান, সাইফুল একজন দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তিনি সামান্য কারণে একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম হোসেন জানান, হত্যার বিষয়টি খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান থানায় জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত