গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি থেকে বুধবার সকালে প্রশিক্ষণার্থী এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম দীনবন্ধু বিশ্বাস (২৪)। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার নন্দীগ্রাম এলাকার বিমল কুমার বিশ্বাসের ছেলে। তিনি আনসার একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ছিলেন।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, দীনবন্ধু বিশ্বাস কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে ৭০ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। বুধবার তার মৌলিক প্রশিক্ষণের ছিল ৫৯তম দিন। ওইদিন ভোরে আনসার একাডেমিতে প্রশিক্ষণকালে নাস্তা বিরতি দেওয়া হয়। এসময় তিনি ৬নং ব্যারাকের দ্বিতীয় তলার টয়লেটে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সহকর্মীরা তার খোঁজ না পেয়ে ওই টয়লেটে গিয়ে স্যানিটারি পাইপের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
